রংপুরে ভোট গ্রহণ চলছে
- Update Time : ০১:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে নগরীরর প্রতিটি কেন্দ্রে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট গ্রহণ শুরু হয়।
নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২ হাজার ২৩১ জন পুলিশ এবং ৫১৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। রংপুর নির্বাচন কমিশনের আঞ্চলিক অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্য ভোটগ্রহণের দিন এবং ভোটগ্রহণের পূর্ববর্তী ও পরবর্তী সময়ের জন্য ভোটকেন্দ্র ছাড়াও বাইরে অবস্থান করবেন। তারা মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, স্ট্যান্ডবাই ফোর্স, পাহারা, চেকপোস্ট, সেক্টর ডিউটিসহ বিভিন্ন শিরোনামে এসব দায়িত্ব পালন করবে। নির্বাচনে মোট ১৯৩টি কেন্দ্রের মধ্যে ১২৮ টিকেই ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।
রিটার্নিং ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনের দিন ১২৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একজন করে এসআইয়ের নেতৃত্বে একজন এএসআই, পাঁচজন কনস্টেবল এবং তিনজন আনসার ব্যাটালিয়ন সদস্যসহ ১০ জন করে মোট এক হাজার ৮০ জন, ৬৫টি সাধারণ কেন্দ্রে একজন এসআইয়ের নেতৃত্বে একজন নায়েক, পাঁচজন কনস্টেবল এবং একজন করে ব্যাটালিয়ন আনসারসহ আটজন করে মোট ৫২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ৩৩টি ওয়ার্ডে ৩৩টি মোবাইল টিম মাঠে রয়েছে। একজন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ৩ জন এএসআই, ৪ জন কনস্টেবল এবং ২ জন ব্যাটালিয়ন আনসার সদস্যসহ মোট ৩৩০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো সিটি করপোরেশন এলাকায় ১৬টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েনও করা হয়েছে।




























