বাংলাদেশ ও পাশের তিন দেশের মধ্যে যানবাহন চলবে- সংসদে সেতুমন্ত্রী
- Update Time : ০৩:৫৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিবিআইএন স্বাক্ষরিত হওয়ায় বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী যানবাহন এবং পণ্য পরিবহণের জন্য পণ্যবাহী যান চলাচল করতে পারবে। ইতিমধ্যে ভারত, বাংলাদেশ ও নেপাল চুক্তিটি অনুসমর্থন করেছে। আশা করা যায় ভুটানও সহসাই চুক্তিটি অনুসমর্থন করবে। চার দেশের অনুসমর্থনের পর চুক্তিটি বাস্তবায়ন হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এম এ মালেকের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ওবায়দুল কাদের জানান, পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার অংশ হিসেবে ৮টি মহাসড়ক করিডোরে ৫৯০ কিলোমিটার মহাসড়ক ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা রেখে ৪ লেনে উন্নীত করার সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ চলছে। উক্ত স্টাডি সমাপ্তের পর বিনিয়োগের ভিত্তিতে বাস্তব কাজ গ্রহণ করা হবে।ঢাকা হতে এলেঙ্গা হয়ে বগুড়াগামী সড়কের দুর্ভোগ নিয়ে জাতীয় পার্টির (এ) সংসদ সদস্য নুরুল ইসলাম ওমরের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ৪-লেন করার জন্ম যন্ত্রণা সহ্য করতে হবে। ধৈর্য ধরুন সময়মত কাজ শেষ হবে। মেয়র হানিফ ফ্লাইওভার নিয়ে কত দুর্ভোগ, কত কষ্ট। কিন্তু এখন চিত্রটা কী? আড়াই ঘন্টার রাস্তা এখন আড়াই মিনিট। তাই ধৈর্য ধরতে হবে। একটা বড় রাস্তা করা হচ্ছে। যেটা আপনারা ক্ষমতায় থাকতেও করতে পারেন নাই।
বেগম উম্মে রাজিয়া কাজলের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, বর্তমান সরকারের অগ্রাধিকার প্রাপ্ত গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পের মধ্যে পদ্মা সেতু প্রকল্পের বাস্তবায়ন কাজ চলমান রয়েছে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যান স্থাপনের মাধ্যমে সেতুটি দৃশ্যমান হয়েছে। এর মাধ্যমে প্রকল্পের ৪৮ শতাংশ ভৌত কাজ সম্পাদিত হয়েছে।




























