ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- Update Time : ১০:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেন সভাপতি এবং জাকারিয়া আহমেদ সাধারণ সম্পাদক হন। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভুঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত। শুক্রবার বিকেলে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।
একপর্যায়ে দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় উপজেলা বিএনপির কার্যালয়েও। কার্যালয়টি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




























