ছাতকে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার
- Update Time : ০৪:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতকে মশাল জ্বালিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়া ও গোপন বৈঠকের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূঁইগাঁও গ্রামের বুকেরভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুমন আহম্মেদ (২৬)। রুমেলের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় হলেও তিনি বর্তমানে সিলেট নগরের জিন্দাবাজারের জল্লারপাড় এলাকায় বসবাস করতেন। অন্যদিকে সুমনের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল গ্রামে এবং তিনি নগরের শেখঘাট এলাকায় থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে বুকেরভাঙ্গা এলাকায় একদল লোক মশাল প্রজ্বলন করে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং গোপন বৈঠক করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের ঘিরে ফেললে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এর আগেও নাশকতা ও সহিংসতার সুনির্দিষ্ট মামলা রয়েছে। গত ২ আগস্ট ছাতক থানায় দায়ের করা একটি মামলায় (আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায়) তাঁদের সম্পৃক্ততা রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




























