পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
- Update Time : ০১:৩৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় রেহানা বেগম (৩৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে নরসিংদীর মাধবদীতে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, টেক্সটাইল মিলের শ্রমিক জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের সংসারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। প্রতিদিনই তাদের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে দুই মেয়ে মাদরাসায় যাওয়ার পর তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে জসিম উদ্দিন তার স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জসিম উদ্দিনের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলছিল। মঙ্গলবার কাটাকাটির এক পর্যায়ে সে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এ সময় সে ঘটনাস্থলেই রেহানা বেগম মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।




























