সিলেটে বসবাসরত সৈয়দপুরবাসী ও মহানগর জমিয়তের যৌথ বৈঠক: হাফিজ সৈয়দ নাঈম আহমদের জন্য ইনসাফের দাবি
- Update Time : ১১:৫৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: কারাবন্দি হাফিজ সৈয়দ নাঈম আহমদের মৃত্যুদণ্ডের রায় পর্যালোচনা এবং তাঁর জন্য ন্যায়বিচারের দাবিতে সিলেটে বসবাসরত সৈয়দপুরবাসী ও মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বাদ মাগরিব সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় মরহুম আলহাজ্ব সৈয়দ আতাউর রহমান (র.)-এর বাসভবন ‘সৈয়দপুর হাউস’-এ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কবি ও গবেষক সৈয়দ মবনু। সভা পরিচালনা করেন সাবেক জেলা পরিষদ সদস্য মাওলানা মুছাদ্দিক আহমদ। সভায় সিলেটে বসবাসরত সৈয়দপুরবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মল্লিক খছরুজ্জামান, হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, মাওলানা মুছাদ্দিক আহমদ, মিজান কোরেশী, মাওলানা সলিম কাসেমী, সৈয়দ মুহাদ্দিস ও হাফিজ মাওলানা সৈয়দ আলমগীর গাজী। মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, যুগ্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান, ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক হাফিজ মাওলানা আহমদ সগীর, যুগ্ম সম্পাদক মাওলানা সদরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, মাওলানা খায়রুজ্জামান, ইমাম সমিতির প্রতিনিধি মাওলানা হোসেইন আহমদ, মহানগর যুব জমিয়তের সহসভাপতি মাওলানা বেলাল আহমদ চৌধুরী এবং এডভোকেট মাওলানা হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “একজন মানুষকে দীর্ঘ ২০ বছর কারাগারে আটক রাখার পর উচ্চ আদালত জামিন প্রদান করলেও পরবর্তীতে নিম্ন আদালতে বিতর্কিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া ন্যায়বিচারের মৌলিক চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে।” বক্তারা আরও বলেন, সত্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। তারা হাফিজ সৈয়দ নাঈম আহমদের ন্যায্য বিচার নিশ্চিত করার পাশাপাশি তাঁর মুক্তির জন্য সরকারের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। সভা থেকে আগামীকাল বুধবার (১ জুলাই) বাদ আসর সিলেট কোর্ট পয়েন্টে সিলেটে বসবারত সৈয়দপুর বাসীর উদ্যোগ আয়োজিত মানববন্ধনে সবাইকে উপস্থিত থাকার আহ্বান করা হয়। হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদের বিশেষ দোয়ার মাধ্যমে বৈঠকের সমাপ্তি হয়।




























