১০ হাজার পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
- Update Time : ০২:২৭:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা ও মোবাইল ফোনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা পুলিশ। সোমবার রাত ৯টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদীর সদর উপজেলার চর দিঘলদী এলাকার মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)।
পুলিশ জানায়, ওই বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে এসআই এসএম মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এসময় দুইজনকে আটক করে তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা, নগদ ৫৮ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




























