স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিনে জন্ম তাই…
- Update Time : ০৩:৩১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এবার জয়পুরহাটে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দিনে জন্ম নেওয়ায় এক নবজাতক ছেলের নাম রাখা হয়েছে পদ্মা সেতু। শনিবার পদ্মা সেতুর উদ্বোধনের রাত ১০টা ৫২ মিনিটে জয়পুরহাট শহরের আমতলী এলাকার একটি বেসরকারি হাসপাতালে বিথী বেগম নামে এক গৃহবধূ ওই শিশুর জন্ম দেন। এ নবজাতকের বাবা মিজানুর রহমান মোশারফ একজন পরিবহণ শ্রমিক। তিনি জয়পুরহাট সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক বলে জানান। তার বাড়ি জয়পুরহাট শহরের আরাফাতনগরের নিউ কলোনির (চামড়া গুদাম) এলাকায়।সমিজানুর রহমান মোশারফ সাংবাদিকদের বলেন, বিশাল এ পদ্মা সেতু বাঙালি জাতির দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল। শত বাধা-বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন। এটি আমাদের অহংকার, আমাদের আবেগ। ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করেছেন; এই রাতে আমাদের কোল আলোকিত করে আমার ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ জন্য আমি ও আমার পরিবার অনেক অনেক আনন্দিত। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমার ছেলের নাম ‘পদ্মা সেতু’ রেখেছি। আমি সবার কাছে আমাদের এ নবজাতক শিশুর জন্য দোয়া ও আশীর্বাদ চাই।





























