সিলেটে অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
- Update Time : ০৩:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে অস্ত্রের মুখে ফাহিম আহমদ (২০) নামে এক তরুণকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএসপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো: মনজুরুল আলম। এর আগে শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় অপহৃত ফাহিম আহমদকে উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন নগরীর লালাদিঘীরপাড় এলাকার খালেদ বীন আজিজ (৩৫), বাগবাড়ির তোফাজ্জল হোসেন (২৬), সুনামগঞ্জের দিরাইয়ের আল আমিন (৪০) ও ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের রাজিব আহম্মেদ (২০)। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে শামীমাবাদ আবাসিক এলাকার ১ নম্বর গেটের সামনে ফাহিমের পথরোধ করে একদল অপহরণকারী। তারা ফাহিমকে মারধর করে ও গলায় ছুরি ঠেকিয়ে নগদ এক হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে একটি গ্যারেজে আটকে রেখে পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে ফাহিমকে হত্যার হুমকিও দেয় অপহরণকারীরা। বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত অভিযানে নামে। সকাল সাড়ে ৯টার দিকে পিডিবি মসজিদের বিপরীত পাশে ‘ফুলকলি’ শোরুমের ভেতর থেকে ফাহিমকে উদ্ধার করা হয়। এসময় স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকে চার অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ। তবে তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। শনিবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএসপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো: মনজুরুল আলম জানান, অপহরণ ও মুক্তিপণ দাবির এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




























