বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা
- Update Time : ০১:৫৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
- / ৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সোচ্চার সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ’-এর সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় ১৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে অধ্যাপক এম. শফিকুর রহমানকে সভাপতি, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়াকে সাধারণ সম্পাদক এবং কয়েছ আহমদ সাগরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কমিউনিটি নেতা শাহ মুনিম। তিনি আনুষ্ঠানিকভাবে ১৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির নাম ঘোষণা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মুনিম বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রবাসীরা দেশে নানাভাবে হয়রানির শিকার হন। আমাদের সবাইকে এই হয়রানির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অন্যথায় প্রবাসীদের নতুন প্রজন্মের মধ্যে দেশে ফেরার আগ্রহ কমে যাবে।
তিনি প্রবাসীদের শ্রম ও অবদানের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে এবং তাদের সমস্যা সমাধানে সরকারকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, সহ-সভাপতি দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি ও মেহরাব মুনিম। যুগ্ম সাধারণ সম্পাদক আমিন পারভেজ, কোষাধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, সহকারী কোষাধ্যক্ষ শফিকুর রহমান শফিক, সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলওয়ার আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মো. হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম. রহমান ফারুক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাওসার আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মতিউর রহমান শিমুল, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার শিপা এবং নির্বাহী সদস্য এস. এম. শাব্বীর আমিন তাহমিদ।
অনুষ্ঠানে এস. এম. আব্দুল গফুর মান্না, হাফিজ মাওলানা আইয়ুব আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি প্রবাসীদের অধিকার আদায়ে সিলেটে জোরালো ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।




























