জগন্নাথপুরে ছাগল বিক্রিকালে জনতার হাতে আটক- ২
- Update Time : ০২:০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাগল চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর আগে রানীগঞ্জ বাজারে ছাগল বিক্রি করতে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেয়। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর (খালিকনগর-আলখানারপাড়) গ্রামের মৃত নছির মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২৮) এবং কলকলিয়া ইউনিয়নের ইসলামপুর (আলখানারপাড়) গ্রামের নজির আলীর ছেলে মো. মজিবুর রহমান (২২)।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, উপজেলার রানীগঞ্জ বাজারে ছাগল বিক্রির সময় স্থানীয় লোকজন সন্দেহ হলে ওই দুই যুবককে আটক করেন। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই কবির আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ছাগলের মালিকানা সংক্রান্ত বৈধতা যাচাইয়ের পর সন্তোষজনক প্রমাণ না পাওয়ায় ছাগলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে পুলিশ পাহারায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




























