ইয়াবা আনতে প্রতি মাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের: অলি আহমদ
- Update Time : ০২:২৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মাদক বাণিজ্যের গুরুতর অভিযোগ তুলেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি দাবি করেছেন, ওবায়দুল কাদের প্রতি মাসে একবার বা দুবার করে কক্সবাজার যেতেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহের জন্য। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘আপনারা তখন মনে করেছেন—মন্ত্রী কতই না পরিশ্রমী, বার বার কক্সবাজার যায়। ওবায়দুল কাদের রাজশাহী যান না, দিনাজপুর যান না, কিন্তু বার বার কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। এটি ছিল তাঁর নিয়মিত সফরের আসল উদ্দেশ্য।’ মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের প্রকোপ কিছুটা কমলেও বর্তমানে তা ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি অভিযোগ করেন, জনপ্রতিনিধিরাই এখন ইয়াবা ব্যবসার সাথে সরাসরি জড়িত। রাতারাতি কোটি কোটি টাকা উপার্জনের জন্য এর চেয়ে সহজ কোনো পথ তাঁদের কাছে নেই। অথচ জনসম্মুখে এই জনপ্রতিনিধিরাই ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু প্রকৃতপক্ষে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বর্তমান জাতীয় সংসদের গঠন নিয়ে সমালোচনা করে অলি আহমদ বলেন, ‘সংসদে তিন ভাগের এক ভাগ ব্যবসায়ী। আর একটি বড় অংশ অশিক্ষিত, যারা সংসদ বা পার্লামেন্ট বানানটি পর্যন্ত ঠিকমতো উচ্চারণ করতে পারে না। তারা নিজেদের ‘স্বশিক্ষিত’ বলে দাবি করে, যা মূলত অশিক্ষিতের একটি ভদ্রোচিত শব্দমাত্র।’ দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক সংকটের চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে অযোগ্য ও স্বার্থান্বেষী মানুষের আস্ফালনের কারণেই আজ সাধারণ মানুষের নিরাপত্তা ও নৈতিকতা হুমকির মুখে পড়েছে। খেলাফত মজলিস আয়োজিত উক্ত গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




























