লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
- Update Time : ১০:০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: এক লন্ডন প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে সিলেট নগরীর ৩৬ নং ওয়ার্ডের উত্তর বালুচরের লন্ডন প্রবাসী আইয়ুবুর রহমানের (৬০) আল-ইসলাহ-৯৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আইয়ুবুর রহমান দুইমাস আগে স্ত্রীসহ দেশে এসেছিলেন। আজ শুক্রবার তিনি লন্ডন ফিরে যাওয়ার জন্য রাতভর প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ভোররাত আনুমানিক ৪টার দিকে বাসার পেছনের গ্রিল ভেঙ্গে মুখোশ-ধারী কয়েকজন বাসায় প্রবেশ করে তাদের বেঁধে ফেলে। এসময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। ধারণা করা হচ্ছে সবমিলিয়ে প্রায় ৬০-৭০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আইয়ুবুর রহমানের ভাতিজা মিজানুর রহমান বলেন, ডাকাতির খবর শুনে আমরা চাচার বাসায় গিয়েছি। সব কিছু নিয়ে গেছে ডাকাতরা। আমরা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দফায় দফায় ঘটনাস্থল পরির্দশন করেছেন। তিনি জানান, যেহেতু চাচা-চাচির পূর্বনির্ধারিত ফ্লাইট ছিলো। তাই তারা সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য রওনা করেছেন।



















