সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ গেল চার বন্ধুর
- Update Time : ০২:৩৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারি ২০২৪
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
দৈনিক জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: সড়ক দুর্ঘটনায় একসঙ্গে চার বন্ধু নিহত হওয়ার খবর পাওয়া গেছে সিলেটের জৈন্তাপুরে। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রংপানি ব্রিজ নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জৈন্তাপুর উপজেলার পানিহারা হাটির আরছ মিয়ার ছেলে তমাল (২৫), একই উপজেলার নিজপাট ইউনিয়নের রনদ্বীপ পালের ছেলে নেহাল (২৬), কমলাবাড়ি এলাকার জামাল উদ্দিনের ছেলে জুবায়ের, নিজপাট ইউনিয়নের হারুন উর রশিদের ছেলে আলী হোসেন সুমন। নিহতদের চারজনই ছাত্রলীগের নেতা। রাতেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভা নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, জৈন্তাপুর থানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) বলেন, ‘জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।
নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















