ছাতকে আ’লীগের দু’গ্রুপে হাতাহাতিতে আহত ১০
- Update Time : ০৮:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকে শোকের মাসে সমন্বয় সভায় শেষে আ’লীগের দু’গ্রুপে হাতাহাতির ঘটনায় দু’চেয়ারম্যানসহ ১০জন আহত হয়েছেন। এতে উপজেলা জুড়ে মানিক গ্রুপ ও কালাম গ্রুপের মধ্যে আবারো চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এনিয়ে এলাকায় দু’গ্রুপের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা উন্নয়ন ও সমন্বয় সভায় কথাকাটাকাটির জেরধরে সভাশেষে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও শাহাব উদ্দিন মো. সাহেলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উপজেলা পরিষদের গোল চত্বর এলাকায় সংঘটিত হাতাহাতির ঘটনায় ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, শাহাব উদ্দিন মো. সাহেল ও সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, জিবরান রহমান, খায়রুল হুদাসহ দু’পক্ষের ১০জন আহত হয়েছেন। এঘটনার প্রতিবাদে ছাতক শহরে কালাম গ্রুপের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এদিকে মানিক গ্রুপের সমর্থকরা সিলেট-সুনমগঞ্জ মহাসড়কের গোবিন্দগঞ্জ, ধারণ ও জাউয়াবাজারে সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানায়। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ জানান, সমন্বয় সভাশেষে উপজেলা পরিষদ গোলচত্বরে পৌছলে সাহেল চেয়াম্যানের নেতৃত্বে ৬/৭জন সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার উপর হামলা করে। ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মো. সাহেল জানান, বিল্লাল চেয়ারম্যানের সাথে তার ইউপির একব্যক্তি দূর্ব্যবহার করে। এঘটনার প্রতিবাদ করায় বিল্লাল চেয়ারম্যানের সমর্থকরা তাকে লাঞ্ছিত করার চেষ্ঠা করে। এরিপোর্ট লেখা পর্যন্ত সর্বত্র উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সুনামগঞ্জ পুলিশ সূপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) দুলন মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাতক শহর, জাউয়া ও গোবিন্দগঞ্জে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।



















