সিলেট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মিসবাহ সিরাজ
- Update Time : ০২:৩৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ড. একে আবুল মোমেন। টানা তিনবার দলের মনোনয়ন বঞ্চিত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। সোমবার নির্বাচন কমিশন থেকে তিনি মনোনয়পত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মিসবাহ উদ্দিন সিরাজ নিজেই নিশ্চিত করেছেন।
মিসবাহ এবার সিলেট-১ ও ৩ আসন থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এরআগে গত ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচন ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করতে ডামি প্রার্থী রাখতে মনোনয়নপ্রাপ্তদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৌকার বিরুদ্ধে দলীয় কোনো নেতা প্রার্থী হলে এবার শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। দলীয় প্রধানের এমন ইঙ্গিতের পর এবার মনোনয়নবঞ্চিত আওয়ামী লীগ নেতাদের অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার চিন্তা করছেন।
জাতীয় সংসদের ২২৯ আসনটিতে (সিলেট-১) ২০১৮ সাল থেকে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এর আগে তার বড় ভাই প্রয়াত আবুল মাল আবদুল মুহিত দুই মেয়াদে এই আসনের সংসদ সদস্য ছিলেন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর থেকে সিলেট-১ (সিলেট সিটির ৩৬টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসন থেকে নির্বাচিত প্রার্থীর দলই সরকার গঠন করেছে, ফলে এই আসনটি ভোটের রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করে।
মিসবাহ টানা তিনবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিলেট জেলা জজ কোর্টের পিপির দায়িত্বও পালন করেন দীর্ঘদিন।
মিসবাহ উদ্দিন সিরাজ নিজেই মনোনয়ন সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন। আর বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন। ফেসবুকে মিসবাহ লিখেন- ‘আপনাদের সমর্থন, ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করছি।’
মিসবাহ উদ্দিন সিরাজের এক ঘনিষ্ঠজন জানান, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র প্রার্থী হতে নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা মেনে একশতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করছেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বলেন, ‘দলের প্রার্থীকে বিজয় করা আমাদের দায়িত্ব। নির্বাচনকে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক করতে যদি দলীয় প্রধান কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না। নেত্রী বক্তব্যই সঠিক। তবে ডামি বা অন্য কোনো দলের প্রার্থীরা নৌকার বিজয়ে কোনো প্রভাব ফেলতে পারবেন না।’



















