সিলেটে দু’পক্ষের সংঘর্ষ, সাবেক মেয়র কামরানের বাসায় হামলা
- Update Time : ১১:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট নগরীর ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়েছেন। হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসভবন। আজ বুধবার রাত পৌনে ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান করছে। ছড়ারপাড়ের প্রত্যক্ষদর্শীনার্থী জানান, মঙ্গলবার মোটরসাইকেল চালানো নিয়ে ছড়ারপাড় ও মাছিমপুরের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। এর জের ধরে বুধবার রাত পৌনে ৮টার দিকে মাছিমপুরের একদল সন্ত্রাসী ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তারা সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে বাসার জানালা ও সামনে রাখা গাড়ি ভাঙচুর করে। এছাড়া মাছিমপুরের লোকজনের নিক্ষেপ করা ইটপাটকেলে ছড়ারপাড়ের কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ থামলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

























