প্রেমিকাকে সিলেটে নিয়ে ধর্ষণ, গ্রেফতার- ২
- Update Time : ০৪:১৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: প্রেমিকাকে সিলেটে নিয়ে রাতভর ধর্ষণে প্রেমিকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল ৪টার দিকে গ্রেফতার প্রেমিকসহ দুইজনকে আদালতে তোলা হলে তারা ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান উদ্দিন প্রধান ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন। গ্রেফতারকৃত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ববকান্দি গ্রামের মৃত হুদ খাঁর ছেলে প্রেমিক জুয়েল খাঁ (২২) ও তার বন্ধু বরগাঁও গাজী মোকাম গ্রামের মৃত আহম্মদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২৬)। এর আগে গত শুক্রবার রাতে নবীগঞ্জের বরগাঁও থেকে তাদেরকে গ্রেফতার করে বাহুবল থানা পুলিশ। বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর কবির জানান, জুয়েল খাঁ’র সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওই তরুণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার জুয়েল খাঁ ওই তরুণীকে নিয়ে সিলেট ঘুরতে যায়। সেখানে একটি হোটেলে জুয়েল ও তার বন্ধু জুনেদ ওই তরুণীকে রাতভর ধর্ষণ করে। পরদিন ৭ অক্টোবর দুপুরে ওই তরুণীকে বাসে করে নবীগঞ্জের পানিউমদায় নামিয়ে দিয়ে দুই বন্ধু চলে যায়। বাড়িতে ফিরে তরুণী পুরো বিষয়টি স্বজনকে জানায়। পরে এ ঘটনায় শুক্রবার বিকালে তরুণীর মা বাদী হয়ে বাহুবল থানা মামলা দায়ের করেন। রাতে পুলিশ দুই যুবককে গ্রেফতার করে। তিনি আরও জানান, ধর্ষণের শিকার তরুণী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকালে গ্রেফতারদের স্বীকারোক্তি দেওয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়।




























