মনে হচ্ছে : মাশূক ইবনে আনিস
- Update Time : ০৫:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কিছু দুঃখ আম্মার মত অবিকল
কিছু দুঃখ আমার আব্বার মত শিরদাড়া
কিছু দুঃখ বোনের মত বিলিন স্বভাবিক
কিছু দুঃখ ভায়ের মত দুর্দান্ত
কিছু দুঃখ স্ত্রীর মত অহেতুক আক্ষেপি
কিছু দুঃখ স্বামীর অনাহূত আবদারের মত
কিছু দুঃখ কাজের বুয়াটির অফুরান কার্যকর্ম
কিছু দুঃখ লজিং মাস্টারের প্রেমের মত অধির প্রচেষ্টা
কিছু দুঃখ আই এ ক্লাসের ষোড়শী ম্যাডামের পাঠ্যক্রম
কিছু দুঃখ সঞ্জনা খালার বাসররাতের মত নির্দয়, লাল টকটকে চোখের ভেতর এক সমুদ্র জলরাশির বাঁধভাঙ্গা জোয়ারের উত্তাল উলঙ্গ ঢেউয়ের মাতম,
কিছু দুঃখ প্রথম প্রেমপত্রের আহ্লাদ, আদি ও আসল, রসময় মিত্রের রগরগে উপন্যাসের বহুপঠনের অনিভৃত মায়ার একরোখা উচাটন
কিছু দুঃখ মালেকুল হকের রসালো প্রেম ও প্রকৃতি বিষয়ক জাপানি বাংলা হাইকুর মত অফুরান
কিছু দুঃখ আমার ছেলেবেলার লিপাইগঞ্জের যাত্রা পালার প্রিন্সেস সুনেত্রার বাজুবন্ধ
কিছু দুঃখ আমাদের বাড়ির উঠোনের দক্ষিণ মেরুতে রোপিত ঝুমকো জবা ফুলের লাল বর্ণিল পবিত্রতা
কিছু দুঃখ শহুরে পায়রার সকালের ডানা ঝাপটানো ভোরের বার্তার মত নির্মল আনন্দধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার লাবন্য অমিতের অপ্রাপ্তির জৈবনিক যৌবনিক হাহাশ্বাসের অগ্নিপোড়া আগরের ঘ্রাণ
কিছু দুঃখ মোমের মতো আগুনের স্পর্শে গলেগলে নি:শেষ হয় আলোকে আলিঙ্গন করে
কিছু দুঃখ সাবিনা ইয়াসমিনের সুরশ্রীগান
কিছু দুঃখ জয়নুল আবেদিনের গরুগাড়ি ঠেলা জীবন চিত্র সিরিজ
কিছু দুঃখ বাউল শাহ আবদুল করিমের উজানধল
কিছু দুঃখ নাগরিক সংস্কৃতিকর্মীর মত শিখন্ডিদের হিজরাভিনয়
কিছু দুঃখ আমাদের পাঠশালার মফিজালি স্যারের বেত্রাঘাতের সপাং সপাং শব্দের আতংক
কিছু দুঃখ আফিয়া ফুফুর কৌষিক চাদরের ওম
কিছু দুঃখ যৌবনের শ্লোগানের মত সুতীব্র বেদনা
কিছু দুঃখ প্রথম রক্তস্রাবের ঘটনার মত স্মরণযোগ্য
কিছু দুঃখ প্রথম কবিতা প্রকাশের শরম জড়ানো অনুভূতি
কিছু দুঃখ ফাত্তাহ স্যারের সনেটের মত কঠিন
কিছু দুঃখ খোলকবিহীন গোয়ালন্দের ইতু ঋতু ফারহানা
কিছু দুঃখ চিতায় পোড়ে যাওয়া দেহাবশেষ
কিছু দুঃখ মানিকপির টিলার নির্জন কবরস্থানের মত
কিছু দুঃখ আমার জীবনাবসানের অমিয় চিকীর্ষা
কিছু দুঃখ গোপন মনোবাসনায় আমাকে জাগিয়ে রাখে সারা রাত
কিছু দুঃখ কবি না হতে পারা মাশূক ইবনে আনিস
কিছু দুঃখ আমার স্ত্রীর মান-অভিমানের ঘামের ফুটা
কিছু দুঃখ পুরনো সঙ্গমস্মৃতির চিত্তহরা ছোটগল্প
কিছু দুঃখ আমার বন্ধু আহমদ আলি শামস নূর
কিছু দুঃখ এই সমগ্র জীবনযাপন কথার পুঁথিপাঠ
কিছু দুঃখ অবিরাম প্রেমেপড়ে খেলাপি হওয়া প্রেমিক
কিছু দুঃখ শব্দ-দামিনীর আলোকসম্পাত
কিছু দুঃখ আমার কবিতাগুলোর পঙ্গুত্ব
কিছু দুঃখ কেউ আমাকে না-বোঝা
কিছু দুঃখ আমার মত স্বভাবজাত অনাক্ষরিক
কিছু দুঃখ আমার মৃত্যুর উপলক্ষ
কিছু দুঃখ মানেই মাশূক আনিস
প্রান্তিক চাষির মুখে লেগে থাকা সারল্যের ঝিলিক
সময়ের আগেই নি :শেষ হয়ে যাওয়া
–কিছু শুভ্রতা
কিছু স্বল্পায়ু তুহিনখন্ড!



















