সাকিব-মাহমুদউল্লাহর বীরত্বে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- Update Time : ০১:০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: ব্রিটেনে আজ ভোর থেকেই একের পর এক সুখবর আসছিল বাংলাদেশের জন্য। যেন বাংলাদেশর জন্য স্মরণীয় হয়ে থাকবে।
প্রিয় দলকে সমর্থন দিতে স্নেহাশিস রাশেদ লন্ডন থেকে প্রায় ১৫০ মাইল দূর কার্ডিফের সোফিয়া গার্ডেনে । তার মতো ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে সোফিয়া গার্ডেনে যারা বাংলাদেশ বাংলাদেশ বলে প্রিয় দলকে অকুন্ঠ সমর্থন দিয়েছেন তাদের হতাশ করেননি মাহমুদউল্লাহ ও সাকিব। এই দুজনের বীরত্বে এক ঐতিহাসিক জয় পেলো টাইগাররা। একই মাঠে ২০০৫ সালে অস্ট্রেলিয়ার সাথে ঐতিহাসিক বিজয়ের সুখস্মৃতি ফিরিয়ে আনলো মাশরাফিরা।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা জুটির রেকর্ড উপহার দিলেন সাকিব-রিয়াদ। শুরুর দিকে টপাটপ চার উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশকে টানেন এই মানিকজোড়। সাকিব-রিয়াদ জুটি থেকে টাইগারদের স্কোরবোর্ডে জমা পড়ে ২২৪ রান। ১১৪ করে ফিরে যান সাকিব।
ইনিংসের শুরুতে শূন্য রানে ফিরে যান তামিম ইকবাল। প্রথম ম্যাচে শতক, পরের ম্যাচে ৯৫ রান করা তামিম আজ পারলেন না। টিম সাউদির বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়েছিলেন তিনি। তাতে ও হয়নি শেষ রক্ষা।
৮ রান করে সাজঘরে ফেরেন সাব্বিরও। শুরু করেছিলেন পরপর দুই বলে চার হাঁকিয়ে। কিন্তু নিজের দ্বিতীয় ওভারে টপ অর্ডারে ফেরা সাব্বির রহমানকে বিদায় করেন টিম সাউদি। একই পথে হাঁটেন সৌম্য সরকার। আউট হওয়ার আগে ১৩ বলে করেন ৩ রান।
এর আগে স্লগ ওভারে মোসাদ্দেক হোসেনের দারুণ বোলিংয়ে কিউইদের ২৬৫ রানে আটকে দেয় মাশরাফি বিন মুর্তজার দল। ৩ ওভারে ১৩ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মোসাদ্দেক। ৪৩ রানে ২ উইকেট তাসকিনের। ৬০ রানে ১ উইকেট শিকার করেন রুবেল। মোস্তাফিজ ৫২ রানে নিয়েছেন ১ উইকেট। মাশরাফি ও সাকিব উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন।
এ জয়ের ফলে বাংলাদেশের প্রথমবারের মতো আইসিসির কোন টুর্ণামেন্টে সেমিফাইনালের সম্ভাবনা তৈরী হয়েছে। তবে তার জন্য অপেক্ষা করতে হচ্ছে কাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের ফলাফলের উপর। ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারালে বাংলাদেশ খেলবে সেমিফাইনালে।





























