এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনিও শরিক হোন : বন্যার্থদের সাহায্যে এগিয়ে আসুন
- Update Time : ০৭:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: বাংলাদেশে টানা বৃষ্টি আর উজানের পানির ঢলে বিভিন্ন স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা, কুশিয়ারা, খোয়াই, সাঙ্গু, সোমেশ্বরী, তিস্তাসহ কয়েকটি নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, যমুনার পানি আরো বাড়বে। ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এ পর্যন্ত ১০টি জেলা বন্যা কবলিত হয়েছে। দুই-তিন দিনের মধ্যে আরো কয়েকটি জেলা বন্যা কবলিত হতে পারে। ৩৫ জেলায় আগাম প্রস্তুতি নেয়া হয়েছে। বন্যা পুর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উর্ধ্বতন প্রকৌশলী আরিফুজ্জামান বলেন, দেশের অর্ধেক এলাকা বন্যাকবলিত হতে পারে। বন্যাকবলিত এলাকার হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঐ সব এলাকাগুলোতে খাবার, খাবার পানির সংকট দেখা যাচ্ছে। বহু স্থানে সড়ক যোগাযোগ ব্যহত হচ্ছে।
এই বন্যায় সবচে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ আর বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনার ভাটি অঞ্চল। ইতোমধ্যে ভাটির অনেক গ্রাম ডুবে গেছে পানিতে। পানি আরও বৃদ্ধি পেলে জনজীবনে ভয়াবহ আকার ধারণ করবে। এই মুহুর্তে অনেকের বাড়ির উঠানে পানি, অনেকের থাকা-বসার জায়গায় পানি. পানির জন্য কারো কারো চুলায় আগুন জ্বালানো সম্ভব হচ্ছে না। বেশিরভাগের টিউবওয়েল ডুবে যাওয়ায় পানির সংকট দেখা দিয়েছে। এতটুকুতে শেষ নয়। মূল দূর্যোগ তো শুরু হবে বন্যার পানি নেমে গেলে। শুরু হবে ডাইরিয়া-আমাসা ইত্যাদি বিভিন্ন রোগ এবং অভাব-অনটন, খাদ্যের ঘাটতি। মধ্যনগর ইত্যাদি অনেক এলাকায় ইতোমধ্যে বন্যার পানি অনেকের বাড়ি ভেঙে নিয়ে যাচ্ছে।
প্রতিমুহুর্ত বিভিন্ন গ্রাম থেকে দোয়ার জন্য আহাজারি আসছে। আমরা দোয়া করছি। আপনারাও দোয়া করুন। দোয়ার বাইরে আর কি করণীয়, ‘তা ভাবতে হবে আমাদের’ শীর্ষক আমার লেখার পরিপ্রেক্ষিতে অনেকে ব্যক্তিগত যোগাযোগ করে বলেছেন উদ্যোগ নিতে। কেউ কেউ অর্থনৈতিক সাহায্য করবেন বলে আশ্বাসও দিয়েছেন। এরই প্রেক্ষাপটে সুনামগঞ্জ-নেত্রকোনা এলাকার বন্যার্থদের জন্য একটা ক্ষুদ্র উদ্যোগ নিয়েছি। আপনি চাইলে শরিক হতে পারেন। আপনি যেভাবে চাইবেন সেভাবেই তা বিতরণ হবে। দেশ-বিদেশ থেকে শরিক হতে পারেন। সৈয়দ মবনু মোবাইল এবং বিকাশ: ০১৭১৫৫২৫১৪২। বি.দ্র. : কেউ একাউন্ট নম্বার চাইলে তাকে তা দেওয়া হবে।





























