বজ্রপাতে এক শিশুসহ ৬ জনের মৃত্যু
- Update Time : ১০:২১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট বৃষ্টির সময় বজ্রপাতে ৬ জন প্রাণ হারান। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে এক শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ মে) দুপুরের দিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সৃষ্ট বৃষ্টির সময় বজ্রপাতে তারা প্রাণ হারান। কিশোরগঞ্জে নিহতরা হলেন- ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কাটুইর গ্রামের রাখেশ দাসের ছেলে রুবেল দাস (২৬), মিঠামইন উপজেলার বৈরাটি ইউনিয়নের বিরামচর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মহিউদ্দিন (২৩), একই উপজেলার কেওয়াজোড় ইউনিয়নের অলিপুর গ্রামের এবাদ মিয়ার ছেলে সুমন মিয়া (৭) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কুর্শাকান্দা গ্রামের আয়াজ আলীর ছেলে আসাদ মিয়া (৫৫), চর ফরাদি ইউনিয়নের আলগিরচর গ্রামের আব্দুল হালিমের মেয়ে নুরুন্নাহার (৩০) এবং একই এলাকায় এনতাজ আলী ছেলে মুজিবুর (১৭)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে শুক্রবার দুপুরের দিকে জেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি ও ধমকা হাওয়া বয়ে যায়। এ সময় মাঠে কাজ করার সময় পাকুন্দিয়া, ইটনা ও মিঠামইনে তিন কৃষক ও মাঠ থেকে গরু আনতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়।
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছ, রাতে খুলনা, সাতক্ষীরাসহ উপকূলে আঘাত হানতে পারে ফণী।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন, ঘূর্ণিঝড়টি এখনও শক্তিশালী রয়েছে। উড়িষ্যা থেকে বাংলাদেশে প্রবেশের সময় কিছুটা দুর্বল হতে পারে। কিন্তু কতটা শক্তি হারাতে পারে, তা এখনই তারা ধারণা করতে পারছেন না।
ঘূর্ণিঝড় ফণী সারারাত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল অঞ্চল, রাজশাহী, ফরিদপুর এবং ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর বলছে।





























