ছাতকে লাফার্জ সংলগ্ন লিংক রোডে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ির টাকা ও মালামাল লুট
- Update Time : ১০:৪৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
চান মিয়া, ছাতক থেকে :: সুনামগঞ্জের ছাতকের নোয়ারাই-বাংলাবাজার সড়কের লাফার্জ সংলগ্ন লিংক রোডে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ছাতকগামী একটি মোটর সাইকেলের গতিরোধ ও আরোহীকে মারপিট করে মোটরসাইকেল ও নগদ টাকাসহ প্রায় ৩লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। মঙ্গলবার ২৩জানুয়ারি সন্ধ্যা রাতে লাফার্জ সংলগ্ন লিংক রোডে এ ডাকাতির ঘটনা ঘটে। দোয়ারা উপজেলার বাংলাবাজারের ব্যবসায়ী রাকিব আলী ব্যবসার কাজ শেষে মোটরসাইকেল যোগে বোংলাবাজার-নোয়ারাই রোডে ছাতকের মুক্তিরগাঁও গ্রামের বাড়িতে ফেরার পথে লাফার্জ সংলগ্ন লিংক রোডে ৯/১০ জনের একটি মুখোশধারী ডাকাতদল মোটর সাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয়ভীতি ও হাত-পা বেঁধে মারধোর করে অস্ত্রের মুখে রাকিব আলীর ব্যবহৃত মোটরসাইকেল, সাথে থাকা নগদ ১ল ২৫০ টাকা, দুটি মোবাইল সেট ও পরনের জ্যাকেট ছিনিয়ে নিয়ে যায়। রাকিব আলী ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের মৃত নুর মিয়ার পুত্র। এর আগেও এ রোডে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। আহত রাকিব আলী জানান, ডাকাতরা তাকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে টেনে-হেঁছড়ে পাশের মাঠে কনভেয়ার বেল্টের নিচে নিয়ে গলায় ছুঁরা ধরে হত্যার ভয় দেখিয়ে তাকে আটকে রাখে। এসময় তার মোটরসাইকেলটি সহযোগীরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পর তার পকেটে থাকা নগদ ১ল ২৫০ টাকা, দুটি মোবাইল সেট ও পরনের জ্যাকেট নিয়ে নির্ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে ডাকাতরা। পরে তিনি লাফার্জের পেছনের গেটে আশ্রয় নিলে সিকিউরিটিসহ স্থানীয় লোকজন তার স্বজনদের খবর দেয়। এক পর্যায়ে তার স্বজনরা এসে তাকে উদ্ধার করে ছাতক হাসপাতালে নিয়ে যান। রাতেই বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে। ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে অবগত করা হয়েছে। থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



















