বিশ্বজয়ী হাফেজ হিরাকে কানাইঘাটে নাগরিক সংবর্ধনা
- Update Time : ০১:০৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনা হাফেজ ইহতেশামুল হক হিরাকে তাঁর নিজ জন্মভূমি সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্বজয়ী এই কৃতি সন্তানকে কাছে পেয়ে আনন্দ, ভালোবাসা ও গর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষক, সহপাঠী, স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ মাদরাসা মাঠে রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে এ নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় সিক্ত হন হাফেজ হিরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আকর্ষণে পরিণত হন স্বয়ং হাফেজ ইহতেশামুল হক হিরা। তাঁর সুললিত কণ্ঠের পবিত্র কোরআন তেলাওয়াতে পুরো প্রাঙ্গণজুড়ে এক আবেগঘন ও মুগ্ধকর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন হিরার গর্বিত পিতা এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনওয়ারুল হক। ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা যুবায়ের আহমদ চৌধুরী। তরুণ আলেম মাওলানা খালেদ আহমদ ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, মাওলানা আমিমুল ইহসান শামীম, মাওলানা রায়হান উদ্দিন, মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আলী আবেদীন, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা আব্দুল জলিল, হাজী মুদরিছ আলী, ইউপি সদস্য মাহবুবুর রহমান চুনু ও ফয়ছল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক আলেম-ওলামা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ ওলিউর রহমান। উল্লেখ্য, সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বিশ্বের শতাধিক দেশের সেরা প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। কয়েক ধাপের তীব্র বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী মূল পর্বে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান। সেই বিশ্বমঞ্চে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ ইহতেশামুল হক হিরা। আন্তর্জাতিক এ আসরটির উদ্বোধন করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী পর্বে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান চ্যাম্পিয়ন হিরার হাতে সম্মাননা ট্রফি, নগদ ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত, ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার এবং ৫ হাজার রিঙ্গিত সমমূল্যের ওমরাহ প্যাকেজ তুলে দেন। হাফেজ ইহতেশামুল হক হিরা রাজধানীর মিরপুর-১-এ অবস্থিত বিশিষ্ট ক্বারী নাজমুল হাসানের প্রতিষ্ঠান ‘মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী’র শিক্ষার্থী।




























