দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত- ৩০
- Update Time : ১১:১৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের পর হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইকরা মিয়া, জাদু মিয়া, আরজুদা বেগম, হেনা, রগু মিয়া, মোশাহিদ মিয়া, কদ্দু মিয়া, ইব্রাহিম মিয়া, হেলেনা বেগম ও উজ্জ্বল মিয়াকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, উচাইল গ্রামের হীরা মিয়ার সঙ্গে তাঁর ভাই চান মিয়ার বসতবাড়ির জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।




























