জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়ার পর গৃহবধূর মৃত্যু
- Update Time : ০৭:৪২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়ার পর তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিমপাড়া) গ্রামে। নিহত জলি ওই গ্রামের আব্দুল মজিদের মেয়ে। জানা গেছে, প্রায় দুই বছর আগে উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে মারুফ আহমেদের সঙ্গে জলির পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্যজীবনে তাদের ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর মারুফ সৌদি আরবে চলে যান। এরপর থেকে বিভিন্ন বিষয় নিয়ে মোবাইল ফোনে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ দেখা দেয়। প্রায় ছয় দিন আগে জলি তার বাবার বাড়িতে চলে আসেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সারাদিন স্বামী-স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে ঝগড়া হয় বলে জানা গেছে। রাত সাড়ে ১১টার দিকে জলি নিজ ঘরে আত্মহানির চেষ্টা করেন। এ সময় পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে গোয়ালাবাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।




























