সুনামগঞ্জের সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীন আর নেই
- Update Time : ১২:৫০:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
আল হেলাল, সুনামগঞ্জ থেকে :: সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র, সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান শামসুল আবেদীন (৮০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টায় সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়াস্থ নিজ বাসভবনে হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের চাচা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির জেলা সভাপতি দেওয়ান ইছকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা ভাতিজা দেওয়ান শামসুল আবেদীন এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবারে ৯ ভাই ও ৫ বোনের মধ্যে জেষ্ট সন্তান ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। দেওয়ান শামসুল আবেদীন ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জ ৩ নির্বাচনী এলাকা (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) থেকে ধানের শীষ প্রতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে দ্বিতীয় জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যু সংবাদে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।




























