লুডু খেলা নিয়ে সংঘর্ষে আহত- ২০
- Update Time : ০৬:৪৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: লুডু খেলা নিয়ে দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (৩০ মে) বিকেলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাসখানেক আগে গ্রামের স্কুলবাড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার লোকজনের মধ্যে লুডু খেলা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার জেরে শনিবার বিকেলে আবারও দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ঘণ্টাখানেক তুমুল সংঘর্ষ হয়। খবর পেয়ে স্থানীয় মুরুব্বি ও যুবকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক এ তথ্যটি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




























