প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে শামীম আহমদের মতবিনিময়
- Update Time : ০১:৩১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন তরুণ লেখক ও গবেষক মাওলানা শামীম আহমদ। বুধবার (১০ জুন) বিকেলে ছাতক কোর্ট রোডস্থ তামজিদ ম্যানশনের দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে পরিচয় পর্ব শেষে সমাজ সংস্কার ও লেখালেখির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে মাওলানা শামীম আহমদ তাঁর রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের মূল সারাংশ ও পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, একটি আদর্শ ও পরিচ্ছন্ন সমাজ উপহার দিতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। নৈতিক শিক্ষা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক গুণাবলির চর্চায় সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। আমার এই গ্রন্থটি সমাজের নানা অসঙ্গতি দূর করে ইতিবাচক পরিবর্তনের জন্য পাঠকদের মধ্যে সচেতনতা সৃষ্টির একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। তিনি আরও জানান, উপযুক্ত উৎসাহ ও পরিবেশ পেলে ভবিষ্যতে তাঁর আরও দুটি পাণ্ডুলিপি প্রকাশের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, মাওলানা শামীম আহমদ উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের মরহুম মকদ্দুছ আলীর ছেলে এবং বর্তমানে ইতালী প্রবাসী।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় ও নৈতিকতার সংকট মোকাবিলায় পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একজন লেখকের শাণিত কলম যেমন মানুষের চিন্তাকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে, তেমনি গণমাধ্যমও সমাজকে আলোকিত করার অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করে। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমীন, মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল ও ফজল উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন শাহ মোহামদ আখতারুজ্জামান, মুশাহিদ আলী, মাহমুদ আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাশ, ফারুক আহমেদ নোমান, আবু বকর চৌধুরী, দিলোয়ার হুসেন, লোকমান হুসেন, পাপলু মিয়া এবং ফটো সাংবাদিক মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে মাওলানা শামীম আহমদ প্রেসক্লাবের সকল সদস্যদের মাঝে নিজের লেখা ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থটি উপহার হিসেবে বিতরণ করেন।




























