পরকীয়ার জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
- Update Time : ০২:০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সংলগ্ন নামাপাড়া এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী আমিনুলকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাতে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল পেশায় একজন রিকশাচালক। সে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রিকশা চালাত। তাদের স্থায়ী বাড়ি দিনাজপুর জেলায়। তারা খিলক্ষেতের ৩০০ ফিট নামাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকত। জানা গেছে, পারিবারিক কলহ ও স্ত্রীর পরকীয়া নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সুপ্ত ক্ষোভ বিরাজ করছিল। এরই জেরে মঙ্গলবার (২৩ জুন) রাতে কথা-কাটাকাটির একপর্যায়ে স্বামী ধারালো চাকু দিয়ে স্ত্রীর ওপর হামলা চালায়। ঘাতক আমিনুল তার স্ত্রীর পেটে দুটি এবং গলায় দুটি মারাত্মক আঘাত করে। চাকুর আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়। ঘটনার পর পরই স্থানীয়দের সহায়তায় খিলক্ষেত থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আমিনুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। খিলক্ষেত থানার ওসি (তদন্ত) আশিকুর রহমান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আমিনুল পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




























