জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে, এদের থেকে সাবধান: হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
- Update Time : ০২:০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, ইসলামের নামে যারা অপব্যাখ্যা দিচ্ছে এবং নিজেদের স্বার্থে দ্বীনকে ব্যবহার করছে, তাদের হাত থেকে ঈমানকে হেফাজত করতে হবে। গত কয়েক বছরে কিছু আলেম নামধারীর আসল চেহারা জাতির সামনে ফুটে উঠেছে। যারা এক সময় বিশেষ ব্যক্তিদের ‘সুদখোর’ বলে গালি দিয়েছিল, তারাই আজ নিজেদের সামান্য স্বার্থের জন্য তাদের ‘নবীর তুল্য’ বা ‘নবীর ধারাবাহিকতায় আগত’ বলে কুফরি বক্তব্য দিচ্ছে। এসব দুনিয়াদার ও স্বার্থপর বক্তাদের হাত থেকে ইসলাম এবং ছাত্র সমাজকে রক্ষা করা আজ সময়ের দাবি। শনিবার বেলা ২টায় সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের একটি পার্টি সেন্টারে উপজেলা আল ইসলাহ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, আজকাল তাফসির মাহফিলের নামে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। ভোটের স্বার্থে মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। এমনকি এক ব্যক্তি জনসম্মুখে বলেছে-‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলাই যথেষ্ট, ‘মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলার প্রয়োজন নেই (নাউযুবিল্লাহ)। জাতি এসব কুফরি বক্তব্য প্রত্যক্ষ করেছে। আমাদের দায়িত্ব হলো প্রতিটি মসজিদ ও অঞ্চলভিত্তিক সুন্নি আলেমদের মাধ্যমে সাধারণ মানুষের ঈমান রক্ষা করা। ইসলামি শাসনতন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, “সারা দেশে ইসলামের ‘সাইন বোর্ড’ দিয়ে সয়লাব হয়ে গেছে। কিন্তু শুধু সাইন বোর্ড দিয়ে কী হবে যদি কর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকে? আজ বোর্ডের শিক্ষার্থীরা নিরাপদ নয়, এমনকি মসজিদের ইমামের কাছেও অনেকে নিরাপদ থাকতে পারছে না। তাই দেশে শরিয়া আইন দেখার আগে নিজের মধ্যে হেদায়াত ও সংস্কারের (ইসলাহ) স্বপ্ন দেখুন। কুরআন-সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে সুদকে হালাল করা বা টাই পরাকে জায়েজ খোঁজার মতো অপতৎপরতা বন্ধ করতে হবে। আউলিয়ায়ে কেরামদের স্মৃতিচারণ করে তিনি বলেন, “আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সহ মহান ওলিগণ যদি এ দেশে ইসলামের খেদমত না করতেন, তবে আজ একদল লোক কবর জিয়ারতকেও পূজা বলত। এই দেশ আউলিয়ায়ে কেরামের আবাদকৃত দেশ, এখানে বাতিলের কোনো স্থান নেই।” যারা ভুল পথে আছেন, তাদের তওবা করে ইসলামের মূল ধারায় ফিরে আসার আহ্বান জানান তিনি।
ওসমানীনগর উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা এম এ রবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনভীর উপস্থাপনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ একে এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোহাম্মদ নোমান, মাওলানা বেলাল আহমদ, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, হাফিজ তৌরিছ আলী, অধ্যক্ষ মাওলানা ড. সৈয়দ শহীদ আহমদ বোগদাদী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ আজাদ আলী। এছাড়াও তালামীযে ইসলামিয়ার জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে ঈমান ও আমল রক্ষায় প্রতিটি কর্মীকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানান।




























