জগন্নাথপুরে ভূমি দখলকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর
- Update Time : ০৯:১৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ভূমি দখলকে কেন্দ্র করে একটি পরিবারের উপর হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে। হামলার খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের ছেলে আব্দুল গফফার ও যুবদল নেতা নিজাম উদ্দিনের মধ্যে ভূমি দখলকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৯ টার দিকে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, মামলার বাদী আব্দুল গফফার (৪০), তাঁর স্ত্রী মিলন বেগম (৩৩) ও তাঁদের ছেলে বিলাল আহমদ (১৩)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সহ ভর্তি করা হয়েছে। জানা যায়, বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলকে কেন্দ্র করে প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের ছেলে আব্দুল গফফার বাদী গত ১৭ মার্চ জগন্নাথপুর থানায় যুবদল নেতা নিজাম উদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় জগন্নাথপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আসামীদেরকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করে। আসামীরা আদালত থেকে জামিনে বের হয়ে বাদীর পরিবারের উপর হামলা ও বাড়িতে ভাংচুর করেছে। খবর পেয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


















