জগন্নাথপুরে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে তরুণীকে ধর্ষণ, আদম ব্যবসায়ী গ্রেফতার
- Update Time : ১১:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ নুর মিয়া পীর (৪৪) উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর পশ্চিম গ্রামের মৃত মাতাব মিয়া পীরের ছেলে। তিনি পেশায় একজন আদম ব্যবসায়ী। থানা সূত্রে জানা যায়, ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে এসআই মোঃ মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (৫ জুলাই) তাকে গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী নুর মিয়া পীর এক তরুণীকে (১৬) সৌদি আরবে পাঠানোর কথা বলে মেডিকেল করানোর জন্য সিলেট নগরীতে নিয়ে যান। সেখানে একটি আবাসিক হোটেলে রাত্রিযাপন করে তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়। ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত নুর মিয়া পীরকে রোববার (৫ জুলাই) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।





























