চিরকুটে ‘আমি প্রতিষ্ঠিত হব’ লিখে স্কুলছাত্র নিখোঁজ
- Update Time : ০৪:৪৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চিরকুট লিখে লিখন মজুমদার পবন (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর গত দুই দিনেও তার কোনো খোঁজ মেলেনি। পরিবার সূত্রে জানা যায়, এ ঘটনায় তার মা অঞ্জনা রানী মতলব উত্তর থানায় একটি নিখোঁজ জিডি করেছেন। সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি। লিখনের নিজস্ব মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজ লিখন মজুমদার পবন দক্ষিণ ইসলামাবাদ গ্রামের রামপ্রসাদ মজুমদারের ছেলে। লিখন মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। পরিবারের লোকজন জানায়, বাড়ি থেকে বের হওয়ার আগে লিখন তার নিজ হাতে লেখা চিরকুট রেখে যায়। সেখানে সে লিখেছে, ‘আমি প্রতিষ্ঠিত হব, আমি এতিম’ এবং পরিবারের উদ্দেশ্যে বিদায় বার্তাও দেয়। ওই চিরকুটে লিখন বিদেশে যাওয়ার ইঙ্গিতসহ কিছু আবেগঘন কথাও উল্লেখ করে, যা নিয়ে আরও দুশ্চিন্তায় পড়েছে পরিবার। এদিকে লিখনের বড় ভাই আপন বলেন, ‘আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের সঙ্গে কারও কোনো রাগ বা অভিমান ছিল না। এছাড়া পড়াশোনার জন্যও তার ওপর কোনো বাড়তি চাপ ছিল না। পরিবারেও কোনো ঝামেলা নেই। কিন্তু হঠাৎ করেই ওর বাড়ি থেকে চলে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টের ও রহস্যজনক।’ বড় ভাই আপন আরও বলেন, ‘আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান এখনও পাইনি। অনুরোধ, কেউ যদি আমার ছোট ভাই লিখন মজুমদার পবনের খোঁজ পান, তাহলে আমাদের জানাবেন।’ এদিকে এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি কামরুল হাসানের সঙ্গে মঙ্গলবার তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জিডির সূত্র ধরে তারা লিখনের সন্ধানে তৎপরতা চালাচ্ছেন। তিনি বলেন, লিখনের নিজস্ব মোবাইল নম্বরটা পেলে আমাদের জন্য সুবিধা হতো। কিন্তু সেটা পাইনি। তারপরও আমরা চেষ্টা করছি।




























