ইকবাল, নজরুল ও ফররুখের দর্শন আজও প্রাসঙ্গিক- ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান
- Update Time : ০৩:১৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: তমদ্দুন মজলিস, সিলেটের উদ্যোগে উপমহাদেশের তিন প্রখ্যাত কবি ও চিন্তক- আল্লামা মুহাম্মদ ইকবাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রেনেসাঁর কবি ফররুখ আহমদের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় সিলেট নগরীর একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই তিন মহান কবির সাহিত্য ও দর্শন কেবল কাব্যিক সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তা জাতির চিন্তা, চেতনা ও আত্মমর্যাদা গঠনে চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লামা ইকবালের ‘খুদি’ দর্শন আজও তরুণ সমাজকে আত্মশক্তিতে উজ্জীবিত করে। অন্যদিকে, জাতীয় কবি নজরুল ইসলাম ছিলেন সাম্য, দ্রোহ ও মানবমুক্তির প্রতীক। আর ফররুখ আহমদ তাঁর অনন্য সাহিত্যকর্মের মাধ্যমে বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্য ও রেনেসাঁর ধারাকে সার্থকভাবে প্রতিষ্ঠিত করেছেন। সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেন, আল্লামা ইকবাল মুসলিম জাগরণের কবি হিসেবে কাজ করেছেন, নজরুল অসাম্প্রদায়িক চেতনার বাণী প্রচার করেছেন এবং ফররুখ আহমদ ইসলামী ভাবধারার নতুন দিগন্ত উন্মোচন করেছেন। বর্তমান প্রজন্মকে তাঁদের জীবনাদর্শ ও সাহিত্য থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কবি বেলাল আহমদ চৌধুরী ও ড. মো. তুতিউর রহমান বলেন, এই তিন কবির সাহিত্যকর্ম সমাজকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাঁদের কর্ম সম্পর্কে নতুন প্রজন্মকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। সভায় বিভিন্ন সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।




























