আল্লামা গহরপুরী (রহ.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যে এমপি এম এ মালিককে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আল্টিমেটাম
- Update Time : ১১:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক কর্তৃক বরেণ্য আলেম, শায়খুল হাদীস আল্লামা হাফিজ নূরুদ্দীন আহমদ গহরপুরী (রাহ.) এবং তাঁর স্মৃতিবিজড়িত গহরপুর অঞ্চল সম্পর্কে প্রদত্ত বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ, অশালীন ও কান্ডজ্ঞানহীন’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখা। নেতৃবৃন্দ অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে সংসদ সদস্যকে জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। সোমবার (৮ জুন) বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এই হুঁশিয়ারি প্রদান করেন। শাখা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আল্লামা নূরুদ্দীন আহমদ গহরপুরী (রাহ.) কেবল সিলেটের নন, বরং সমগ্র বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের শ্রদ্ধার পাত্র। তাঁর হাত ধরে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। একজন জনপ্রতিনিধির মুখে এ ধরনের বরেণ্য বুজুর্গ ও একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষকে নিয়ে অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বক্তব্য লাখো মানুষের হৃদয়ে আঘাত হেনেছে। নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, এই অশালীন বক্তব্যের পেছনে রাজনৈতিক প্রতিহিংসা কাজ করছে। বিগত নির্বাচনে আল্লামা গহরপুরী (রাহ.)-এর সাহেবজাদা ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুসলেহ উদ্দিন রাজু ছিলেন এম এ মালিকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। রাজনৈতিক প্রতিযোগিতার জের ধরে একজন প্রয়াত প্রথিতযশা আলেম ও তাঁর জন্মভিটাকে নিয়ে কটাক্ষ করা নিচু মানসিকতা ও অসুস্থ রাজনীতির বহিঃপ্রকাশ। বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, এম এ মালিক যদি অবিলম্বে তাঁর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চান, তবে আমরা তৌহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হবো। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, সহ-সভাপতি মাওলানা আব্দুল মালিক ও কারী উবায়দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, মাওলানা আসাদুজ্জামান আসাদ ও হাফেজ মাওলানা আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক মুফতি ওজিরুল ইসলাম মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শিহাবুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা জিয়াউদ্দিন, অফিস সম্পাদক মাওলানা হাবিবুর রহমান জাহান, নির্বাহী সদস্য মাওলানা হুসাইন আহমদ, মুফতি মাসুক আহমদ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা শাহ ফয়সাল আমিন ও মাওলানা আবু বকর প্রমুখ।




























