জগন্নাথপুরে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং- এর প্রতিবাদে ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি
- Update Time : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পল্লি বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং- এর প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ২ ঘটিকায় জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকায় পল্লি বিদ্যুৎতের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মাওলানা ফখর উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা কে এম ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে ভুক্তভোগী হাজারো পল্লি বিদ্যুৎ গ্রাহকদের পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা এরশাদ খান আল হাবিব, মাওলানা আব্দুর রহমান জুয়েল, মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা আবুল বশর হামিদি, মাওলানা আতিকুর রহমান কামালী, মাওলানা ওয়েস আহমদ, মাওলানা বায়েজিদ আহমদ, মাওলানা মেহরাজ আহমদ, হাফিজ ইমরান আহমদ, মাওলানা আখতার হুসাইন, জাহিদ আল হাসান, সিতাব আলী, মাহবুব হোসেন, তুহিন আহমদ প্রমূখ। এসময় ভুক্তভোগী শত শত পল্লি বিদ্যুৎতের গ্রাহকরা মানববন্ধনে অংশ নেন। জগন্নাথপুর পল্লি বিদ্যুতের এজিএম ঋষিকেশ বিশ্বাস কর্মসূচিতে অংশ নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলার পল্লি বিদ্যুতের চলমান সমস্যা সমাধানে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্যে জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই সমস্যার একটি কার্যকর সমাধান হবে এবং গ্রাহকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা পাবেন।























