দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী
- Update Time : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, তার এই বিদেশ সফরের মূল উদ্দেশ্য ও চিন্তা ছিল দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। শনিবার (২৭ জুন) সকাল ১১টা ২ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন পুনরায় শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। অধিবেশনে সদ্য সমাপ্ত বিদেশ সফর ও দেশের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “মাননীয় স্পিকার, এখানে মূল বিষয়টি হচ্ছে যে, বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশের স্বার্থ আগে।’ যে কাজটি করার চেষ্টা করেছি, মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে, আমি আমার দেশের আর এ দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলা এবং তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি।”
সফরের প্রাপ্তি ও দেশের মানুষের অধিকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। যদি কোনো কিছু অবজেকশনে থাকে এটি বাংলাদেশের অবজেকশন, দেশের মানুষের অবজেকশন।’ সংসদে বিরোধীদলের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধীদলের নেতা, তিনিও ইচ্ছা প্রকাশ করেছেন দেশের মানুষের পক্ষে কাজ করার। সুতরাং আবারও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল সদস্যকে, বিশেষ করে বিরোধীদলের সকল সদস্যদেরকেও ধন্যবাদ জানাবো।’ এর আগে, স্পিকারের ঘোষণা অনুযায়ী সংসদ মুলতবি থাকার পর আজ পুনরায় অধিবেশন শুরু হলে সংসদ সদস্যরা ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন।




























