মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর কাছে জনগণের জন্য নাসের রহমানের ৩ দাবি
- Update Time : ০৭:২৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ৯ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান জেলাবাসীর দীর্ঘদিনের জনদাবি ও আকাঙ্ক্ষার কথা সরাসরি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ৩য় পর্যায়ের ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি ৩টি বড় ও গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এমপি নাসের রহমানের দাবিসমূহ হচ্ছে—নতুন জায়গা ছাড়াই বর্তমান মৌলভীবাজার সদর হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করা, শমশেরনগর বিমানবন্দর চালু করা এবং মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সবচেয়ে বড় দাবি এখানে একটা মেডিকেল কলেজ স্থাপন করা। মাননীয় প্রধানমন্ত্রী আপনি কয়েক জায়গাতে মেডিকেল কলেজের নির্দেশনা দিয়েছেন। আমাদের মেডিকেল কলেজটা খুব কম জায়গায়, বর্তমান হাসপাতালের মধ্যেই হয়ে যাবে। আমি এটার প্ল্যান করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছি। এই জায়গার মধ্যেই আমরা সুন্দর একটা মেডিকেল কলেজ করে দিতে পারব, আমাদের নতুন জায়গার দরকার নাই। আপনি যদি একটু গ্রিন সিগন্যাল দেন, ইনশাআল্লাহ আমাদের এই মেডিকেল কলেজের বিষয়টার কাজ আগামী আর্থিক বছরেই আরম্ভ করা যাবে।”
নাসের রহমান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মৌলভীবাজারের আরেকটা বড় দাবি, শমশেরনগর এয়ারপোর্টটা চালু করা। অত্যন্ত আনন্দের বিষয়, খুব সম্ভবত আপনার নির্দেশেই মাননীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিববৃন্দ আগামী শুক্রবারে আসবেন এই বিমানবন্দরের জায়গাটি পরিদর্শনের জন্য। আপনি জানেন, এই মৌলভীবাজার জেলা প্রবাসী অধ্যুষিত। সিলেটে নামলে আবার দুই ঘণ্টা গাড়ি চালিয়ে এখানে আসতে হয়, আর ঢাকায় নামলে ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে আসতে হয়। কিন্তু আমাদের এখানে যদি বিমানবন্দরটা থাকে, আমাদের এখানে হাজার হাজার প্রবাসীরা উপকৃত হবে। এই বিমানবন্দরটাও অত্যন্ত স্বল্প অর্থের মধ্যেই হয়ে যাবে। অলরেডি রানওয়ে আছে, সেটাকে নতুন করে সংস্কার করে একটা ছোট টার্মিনাল বিল্ডিং লাগবে। এখানে কোনো রাডারও লাগবে না।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এম. নাসের রহমান আরও বলেন, “বিমানবন্ধরের পরে আমাদের এখানে একটা দাবি হলো আমাদের মৌলভীবাজারের একমাত্র সরকারি কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। সেটারও জায়গা এবং ইনফ্রাস্ট্রাকচার করার মতন সব ব্যবস্থা মৌলভীবাজার সরকারি কলেজের জায়গাতে আছে। এই তিনটা বড় দাবি আমাদের মৌলভীবাজারের জন্য।”




























