প্রকাশ্যে অস্ত্রের মহড়া: ভিডিও ভাইরালের পর ৩ যুবক গ্রেফতার
- Update Time : ১০:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: পৌর এলাকায় প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই গ্রুপের অস্ত্রের মহড়া দেওয়ার ঘটনায় জড়িত ৩ যুবককে গ্রেফতার করেছে সিলেটের গোলাপগঞ্জ থানা পুলিশ। সোমবার (১৫ জুন) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে তাদের শনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার রণকেলী উত্তর এলাকার নানু মিয়ার ছেলে রাসেল আহমদ (২৫), একই এলাকার মৃত তবারক আলীর ছেলে নাইম আহমদ (২৭) এবং ফুলবাড়ি দক্ষিণ পাড়া গ্রামের শাহেদ আহমদের ছেলে শাকিল আহমদ (২৭)। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী এলাকায় প্রকাশ্যে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেয় ছাত্রলীগের দুটি পক্ষ। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর জড়িতদের ধরতে তদন্ত শুরু হয়। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলামের নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রণকেলী উত্তর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রাসেল আহমদ ও নাইম আহমদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাইমের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে। পরবর্তীতে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমগাছতলা এলাকায় অপর এক অভিযানে শাকিল আহমদকে গ্রেফতার করা হয়। শাকিলের বিরুদ্ধে ছিনতাই, অস্ত্রবাজি ও চাঁদাবাজিসহ বিভিন্ন আইনে ৪টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরালের পর আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। জননিরাপত্তা বিঘ্নিতকারী যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। অপরাধীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




























