কুরআনের আলোয় আলোকিত হয়ে সমাজকে আলোকিত করুন- হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
- Update Time : ০৮:০৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, পবিত্র কুরআন শরীফের প্রতিটি শব্দ স্বয়ং মহান আল্লাহর বাণী। যারা কুরআনের নির্দেশনা নিজের জীবনে ধারণ করবে, তারা ইহকাল ও পরকালে সফলকাম হবে। কুরআনই একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান, যা মানুষকে একটি সুন্দর ও সুশৃঙ্খল জীবন উপহার দিতে পারে। তাই কুরআনের আলোয় নিজেদের গড়ে তোলার মাধ্যমে সমাজ থেকে সকল অন্ধকার দূর করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। শনিবার (২৩ মে) সিলেটের ওসমানীনগরের ‘লতিফিয়া হিফযুল কোরআন একাডেমি’র হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি ও সনদ বিতরণ উপলক্ষে আয়োজিত বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভী মাহমুদ আলীর সভাপতিত্বে এবং একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুহাম্মদ আজাদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, দারুল হাদিস সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, হযরত শাহজালাল (রহ:) কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আল আমিন এবং ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অফিস সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, আল ইসলাহ’র সাবেক উপজেলা সভাপতি মাওলানা কাজী আ ফ ম আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সহ-সভাপতি আজির উদ্দিন (মেম্বার), অফিস সম্পাদক আব্দুল ওয়াদুদ এবং কুরুয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আখতার আলী। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ্ব মিনা বেগম নুরানীয়া মহিলা দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, ইয়াকুবিয়া হিফযুল কোরআন বোর্ডের উপজেলা সভাপতি হাফেজ সিরাজুল ইসলাম, তালামীয সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শামছুল ইসলাম, কে এম শুহেদ আহমদ, মাওলানা মুজতবা আহমদ মিছলু, মাওলানা কবির আহমদ, মাওলানা ওলিদুর রহমান, মাওলানা শাকির আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা সভাপতি জাকির হোসাইন এবং সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিল প্রমুখ। মাহফিল শেষে হিফয সম্পন্নকারী ছাত্রদের মাথায় সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয় এবং তাদের হাতে সনদপত্র তুলে দেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।




























