জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট: ক্রেতা কম
- Update Time : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট। প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে জগন্নাথপুর বাজারে অস্থায়ী পশুর হাট বসে। জগন্নাথপুর বাজারে সপ্তাহের রোববার ও বুধবার জগন্নাথপুর হেলিপ্যাড মাঠে কোরবানির পশুর হাট বসে থাকে। এরই অংশ হিসেবে বুধবার (২০ মে) প্রচুর গরু উঠলেও ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দেখা গেছে। জগন্নাথপুর বাজার হেলিপ্যাড মাঠে কোরবানির পশুর হাটে সকাল থেকেই পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে করে পশু আনা শুরু হয়। দুপুরের মধ্যে হাজারো পশুতে ভরে যায় জগন্নাথপুর পৌর পয়েন্ট ও রাণীগঞ্জ রোড এলাকায়। হাটে বিক্রেতারা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখেন দেশি ও বিদেশি গরু। গরুর পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক ছাগলও উঠেছে হাটে। ক্রেতারা গরু পছন্দ শেষে দামদর করে কিনছেন। তবে হাটে গরুর আমদানী অনুপাতে তেমন বিক্রি হচ্ছে না বলে বিক্রেতাদের মধ্যে অনেকে জানান। অনেকেই মনে করছেন, ঈদের আরও কাছাকাছি সময়ে জমে উঠবে কেনাবেচা। তবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মাঝারি সাইজের গরু। বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে ৬৫ থেকে ৮০ হাজার টাকার গরুর চাহিদাই বেশি। জগন্নাথপুর বাজার কোরবানির পশুর হাটের ইজারাদাররা জানান, বাজারে এবার গরুর দাম মানুষের ক্ষয়-ক্ষমতার মধ্যে রয়েছে।




























