৮২ পরিবার পেল ছাগল পালনের প্যাকেজ
- Update Time : ১১:৩৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: মৌলভীবাজারের কুলাউড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান মানোন্নয়নের লক্ষ্যে ছাগল পালন প্যাকেজের উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৮২ জন উপকারভোগীর মাঝে এসব উপকরণ তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করে তুলতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করেছে। ছাগল পালন একটি লাভজনক খাত। সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে এটি অনেক পরিবারের আয়ের অন্যতম উৎস হতে পারে। সরকারের এ ধরনের সহায়তা কাজে লাগিয়ে উপকারভোগীদের নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল। এ সময় সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।




























