পুত্র সন্তানের মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী
- Update Time : ০২:০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: রাফিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন নারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু নবজাতক শিশুর পিতা কে, তা জানেন না কেউ। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের সকাল বাজারের ইশাখাঁ মার্কেটের পাশে এ সন্তানের জন্ম দেন ওই নারী। স্থানীয় সমাজকর্মী মো. রফিকুল ইসলাম জানান, গত ৩/৪ মাস যাবত এই রাফিয়া নামের নারীকে ইশাখাঁ মার্কেটের আশেপাশে দেখা যায়। তিনি শুধু বাড়ি সিলেট ও নাম রাফিয়া বলতে পারে, আর কিছু জানে না। আমি প্রায় সময় তাকে খাবার ও রাতে কয়েল দিতাম। আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে রাফিয়া তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এ সময় মার্কেটের পাশের বাড়ির জাহেদ আলী নামে এক রিকশাচালক ও তার স্ত্রী রাফিয়াকে তার ঘরে নিয়ে যায়। দীর্ঘ ৪-৫ ঘণ্টার চেষ্টায় স্থানীয় মহিলাদের সহযোগিতায় তিনি একজন ছেলে সন্তানের জন্ম দেন। মা ও সন্তান দুজনই সুস্থ রয়েছেন। তবে নবজাতক শিশুটি অনেক হালকা ও ছোট। শিশুটির চিকিৎসা দরকার। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহম্মেদ বলেন, আমি শুনেছি এক মানসিক ভারসাম্যহীন নারী পুত্র সন্তান জন্ম দিয়েছেন। যেকোনো সহযোগিতা লাগলে আমরা তা করব।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনে সমাজসেবা কর্মকর্তাকে জানিয়েছি এবং সরাইল সদর হাসপাতালেও কথা হয়েছে। যদি উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া পাঠানো লাগে তাও আমাদের পক্ষ থেকে করা হবে।




























