সৎ মায়ের নির্যাতন, বিষপানে প্রাণ গেল একজনের
- Update Time : ০২:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ২৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গুণই গ্রামে সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে এক সঙ্গে দুই বোন বিষপান করেছে। এর মধ্যে বড় বোনের মৃত্যু হয়েছে এবং ছোট বোন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, গুণই গ্রামের চাঁন মিয়ার প্রথম স্ত্রীর দুই কন্যা সোনিয়া আক্তার (১৮) ও জনি আক্তার (১৪) দীর্ঘদিন ধরে সৎ মায়ের নির্যাতনের শিকার হচ্ছিল। এ অবস্থায় তারা অতিষ্ঠ হয়ে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষপানের পর দুই বোন ছটফট করতে থাকলে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যদের সহযোগিতায় দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোনিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোট বোন জনি আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতিবেশীরা জানান, ওই দুই বোনের মা বেশ কিছুদিন আগে মারা যায়। এরপর চান মিয়া আরেকটি বিয়ে করেন। অভিযোগ উঠেছে ওই সৎ মা তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। এরই ক্ষোভে দুই বোন কীটনাশক পান করে ছটফট করতে থাকে। লোকজন তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে সোনিয়া মারা যায়। জনির অবস্থা আশংকাজনক হলে সিলেট প্রেরণ করা হয়। ঘটনার পর থেকে সৎ মা আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শরীফ আহমেদ জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























