‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ দেখিয়ে প্রতারণা, সিলেটে পুলিশের জালে আলমগীর
- Update Time : ০৮:৫২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটে রিকশাচালক সেজে ইমিটেশনের নকল স্বর্ণের বারকে আসল দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার অভিযোগে আলমগীর হোসেন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা পুলিশ কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার (৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর পুলিশের মিডিয়া সেল। গ্রেফতারকৃত আলমগীর হোসেন সিলেটের বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। পুলিশ জানায়, আলমগীর দীর্ঘদিন ধরে সিলেটে রিকশাচালকের ছদ্মবেশ ধারণ করে আসছিলেন। তিনি মূলত সাধারণ মানুষকে লক্ষ্য করে ইমিটেশনের তৈরি নকল স্বর্ণের বারকে আসল হিসেবে দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। কম দামে ‘কুড়িয়ে পাওয়া’ স্বর্ণের বার বিক্রির প্রলোভন দেখিয়ে তিনি সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। তার বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।



























