ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল
- Update Time : ০২:১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: একটি ঝোপের ভেতর থেকে এক অজ্ঞাতনামা নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাইপাস সড়ক সংলগ্ন একটি বাসার সীমানার বাইরে থেকে এই অবশিষ্টাংশ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারী ওয়াল সংলগ্ন ঝোপঝাড়ে কঙ্কালটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কঙ্কালের পাশে লম্বা চুল পাওয়ায় প্রাথমিকভাবে এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর দেহাবশেষ বলে ধারণা করা হচ্ছে। বিশ্বনাথ পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে আমরা একটি পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি কোনো হত্যাকান্ড কি না বা কঙ্কালটি কতদিন আগের, তা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার রিপোর্ট আসার পরই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।




























