সিলেটে অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
- Update Time : ০৩:২৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেটের দক্ষিণ সুরমায় এলপিজি সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেেছে। আগুন থেকে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে আশপাশের দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বাবনা পয়েন্টে এঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৬টি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে একটি এলপিজি সিলিন্ডারের দোকানে আগুন লাগে। এসময় দোকানে থাকা সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মূহূর্তে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। আগুন ছড়াতে থাকে আশপাশের দোকানগুলোতে। তখন আশপাশের বাসিন্দা ও দোকানীরা আতঙ্কিত হয়ে এলাকা ছাড়তে শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নগরীর তালতলা থেকে ৪টি এবং দক্ষিণ সুরমার ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায়। তবে কৌতুহলী জনতা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ফায়ার সার্ভিসের তৎপরতায় ব্যাঘাত ঘটে। পরে পুলিশ জনতাকে সড়ক থেকে সরিয়ে দেয়। আগুণের ভয়াবহতায় সহযোগিতা চেয়ে সেনানীবাস ফায়ার সার্ভিস ইউনিটকেও আহ্বান করা হয়। সব কটি ইউনিটের যৌথ চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ পরিচালক (চ:দা:) সানাউল হক বলেন, খবর পাওয়ার পরই তারা আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যান। তাদের ৭টি ইউনিট আগুন নেভাতে সচেষ্ট ছিল। একটি এলপিজি গ্যাসের দোকানে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে পাশে আরেকটি দোকান পুড়ে যায়। এসময় সামনে দাঁড়িয়ে থাকা ট্র্যাংক লরিতেও আগুন লাগে। তিনি বলেন, সবচেয়ে ভয়ের কারণ ছিল পাশেই যমুনা, মেঘনা ও পদ্মা কোম্পানির ডিপো থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। যে কারণে ৭টি ইউনিট কাজ করার পরও সেনানীবাসের ইউনিটকে ডাকা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসায় তাদের পথ থেকে ফিরিয়ে দেওয়া হয়। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিরুপন করা যায়নি। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা যাচ্ছে। এব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সার্বিক প্রচেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি বলে তিনি জানান।




























