ছাতকে উপজেলা ভূমি অফিসের নথি থেকে ডকুমেন্ট গায়েব
- Update Time : ০৪:২০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে উপজেলা ভূমি অফিসের নথি থেকে জরুরি ডকুমেন্ট গায়েব করার অভিযোগে সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ের অফিস সহকারী সামছুদ্দোহার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৌর শহরের ভাসখালা গ্রামের আব্দুর রশিদ এ অভিযোগ দেন। তিনি সুনামগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও দুদক সিলেটের উপ-পরিচালকের কাছেও অভিযোগের কপি দিয়েছেন।
অভিযোগ থেকে জানা যায়, ভাসখালা গ্রামের আব্দুর রশিদের ভাই আব্দুস সাত্তারের নামীয় ভিপি বন্ধোবস্তের (২৮/৮৩-৮৪) মূল নথি থেকে ২০০৫ সালে সার্ভেয়ারের রিপোর্টের ভিত্তিতে অত্রাঅফিসের দেয়া আদেশ কপিসহ কিছু কাগজ পত্র উধাও করেছেন সামছুদ্দোহা। প্রতিপক্ষের লোকজনের কাছ থেকে উৎকোচ নিয়ে আব্দুস সাত্তারের ক্ষতি সাধনের লক্ষ্যে এ কাজটি তিনি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ভিপি বন্দোবস্ত নিয়ে সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ে বর্তমানে শুনানী কার্যক্রম চলমান রয়েছে। এতে প্রতিপক্ষরা অফিস সহকারী সামছুদ্দোহাকে দিয়ে আব্দুস সাত্তারের ক্ষতির উদ্দেশ্যে এ জালিয়াতি করিয়েছেন। অভিযোগের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য অভিযোগকারী আবেদন জানিয়েছেন।



























