ইমরান এইচ সরকারের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মানহানি মামলা
- Update Time : ০৫:৩৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি :: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মানহানি মামলা হয়েছে। শেখ রাসেল পরিষদ সুনামগঞ্জ জেলার আহ্বায়ক নুর মোহাম্মদ স্বজন রোববার সুনামগঞ্জ সদর আমলী আদালত-১ এর বিচারক শহিদুল আমিনের আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামী সনাতন উল্লাস। আদালত মামলাটি আমলে নিয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। মামলাটির নম্বর – সি. আর. ২৪৮/১৭ ইং।
মামলার আর্জিতে নুর মোহাম্মদ স্বজন বলেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত তিনবারের সফল প্রধানমন্ত্রীকে আপত্তিকর স্লোগান রাষ্ট্রদ্রোহের সামিল। প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। তাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ায় ইমরান এইচ সরকারকে ও অপর আসামী সনাতন উল্লাসসহ অজ্ঞাত আসামীদেরকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করা হয় মামলার আর্জিতে।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আব্দুল আজাদ রোমান বলেন, মামলাটি বিজ্ঞ বিচারক আমলে নিয়েছেন। ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগে গণজাগরণের মিছিলে “ ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না” ও বাংলাদেশ হারেনি, হেরেগেছে হাসিনা, স্লোগান ওঠে। বাদী মনে করেন- মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্লোগানে দেশ, প্রধানমন্ত্রী ও জনগনের মানহানি হয়েছে। এ ঘটনায় দন্ড বিধি ৫০০ ধারায় মানহানির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
























